মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
মঙ্গলবার (৪ আগস্ট)
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খাল খনন কর্মসূচির বকেয়া মজুরির দাবিতে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে শত শত শ্রমিক এই মানববন্ধনে অংশ নিলে কার্যালয় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় কাজ করা শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও তারা তাদের ন্যায্য পাওনা বুঝে পাননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের ইজিপিপি প্রকল্পের আওতায় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে পাঁচ কিলোমিটার এবং কুল্লাগড়া ইউনিয়নে ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে চার কিলোমিটার খাল খননের কাজ গত ২০ এপ্রিল শুরু হয়। দুটি প্রকল্পে মোট ৫৭২ জন শ্রমিক কাজ করেন।
নারী শ্রমিক নার্গিস আক্তার বলেন, “আমরা ৪০ দিন ধরে মাটি কাটছি। মাথায় করে মাটি বহন করেছি, বাড়িতে বাচ্চা রেখে এসে কাজ করেছি। কিন্তু এখন পর্যন্ত আমরা বেতনের কোনো খবর পাচ্ছি না।”
আরেক শ্রমিক লালচান মিয়া বলেন, “আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের কাজের ন্যায্য মজুরি চাই।”
শ্রমিক আবুল হাসান বলেন, “আমরা হাড়ভাঙা খাটুনি খেটে কাজ করেছি। আজ দুর্গাপুরে এসেছি। আমরা ন্যায্য মজুরি পেলে আমাদের আর কোনো দাবি নেই।”
কর্তৃপক্ষের বক্তব্য
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত বলেন, খাল খননের কাজ সম্পন্ন না হওয়ায় দুটি প্রকল্পের ৭৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত গেছে। তবে শ্রমিকদের মজুরির টাকা ইতোমধ্যে এনআরবিসি ব্যাংকের হিসাবে পাঠানো হয়েছে। শ্রমিকেরা ব্যাংক হিসাব খুললেই তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন।