আতিকুর রহমান আশিক, মানিকগঞ্জ প্রতিনিধি
বুধবার (৫ আগস্ট), দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়।
সকাল ১১টায় মানিকগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামির রশিদ খান, পুলিশ সুপার মো. সারওয়ার আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান সিরাজ, পল্লী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটির তাৎপর্য তুলে ধরে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। একইসঙ্গে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।