মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা প্রতিনিধি
বুধবার (৫ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের শরণখোলায় ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, শিক্ষার্থীদের প্রতিযোগিতা এবং ১১ জুলাই যোদ্ধার পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শরণখোলা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অর্থিতা হাওলাদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ১১টি পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।