নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগে এনটিআরসিএর মাধ্যমে সুপারিশের পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়। বৈঠকে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগের বর্তমান ব্যবস্থার আইনগত ভিত্তি এবং এর কারণে শিক্ষকদের নিজ জেলা বা উপজেলার বাইরে চাকরিতে যাওয়ার বিষয়টি আলোচনায় আসে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, পরিবর্তন আনার আগে এর ভালো-মন্দ দিক পর্যালোচনা করা হবে। তবে শেষ পর্যন্ত নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
২০০৫ সালে প্রতিষ্ঠার পর প্রথম দিকে এনটিআরসিএ মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও সনদ দেওয়ার কাজ করত। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে সংস্থাটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ দেওয়া শুরু করে। ২০২৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি ১ লাখ ৭৭ হাজার ৫৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেছেন, শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। সরকার যেটিকে ভালো মনে করবে, সেটিই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নেওয়া হবে।