BSTI Press Release
সোমবার (১০ আগস্ট, ২০২৬) দুপুর ২টা ৩৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহী মহানগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় রোজা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে বিসিক শিল্প নগরী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ফারহানা হোসেনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করে কেক উৎপাদন ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে তাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।