রাজু মিয়া
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালুখেকো ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও সংশ্লিষ্ট পাইপসহ সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, মদাতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাইদুলসহ কয়েকজন ব্যক্তি এই বালু উত্তোলনের সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।
স্থানীয়দের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কৃষিজমি, বসতভিটা, রাস্তা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এতে মাটির গঠন পরিবর্তনের পাশাপাশি কৃষিজমি ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা যায়। এলাকাবাসী অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, একটি চক্র বিভিন্ন সময় প্রশাসনের নজর এড়িয়ে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে আসছে। তাদের দাবি, শুধু ড্রেজার মেশিন ধ্বংস নয়, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
এর আগেও মদাতী ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে জরিমানা করেছিল।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযান শেষে ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের পাইপ পুড়িয়ে দেওয়া হয়।
এলাকাবাসীর প্রত্যাশা, মদাতী ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।