অভয়নগর (যশোর) প্রতিনিধি
মঙ্গলবার (১১ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগরে পুকুরে পড়ে সাকিব শেখ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কোটা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত সাকিব ওই গ্রামের ভ্যানচালক আসলাম শেখের ছেলে।
প্রতিবেশী বাহারুল তরফদার জানান, সাকিব মৃগীরোগে আক্রান্ত ছিলেন। সোমবার রাতে বাড়ির পাশের পুকুরপাড়ে প্রস্রাব করতে গিয়ে অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
মঙ্গলবার সকাল ৭টার দিকে পুকুরের পানিতে সাকিবের ব্যবহৃত স্যান্ডেল ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুকুরে খোঁজাখুঁজি করে পানির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, “সাকিব মৃগীরোগী ছিলেন। প্রাথমিক তদন্তে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। সুরতহাল সম্পন্ন হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”