মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার (১৩ আগস্ট), বিকেল ৪টা ২৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারি অর্থায়নে ৫ লাখ ৪ হাজার ৫২৩ টাকা ব্যয়ে নির্মিত কসাইখানাটি দুই বছরেও চালু হয়নি। স্থাপনাটি অব্যবহৃত পড়ে থাকায় স্থানীয়রা বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করছেন, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করেছে।
এলজিইডির প্রকল্প তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ‘লোহাগাড়া, চট্টগ্রামের অধীনে শাহ পীর সড়কের পাশে বোয়ালিয়া খালের নিকট কসাইখানা/পশু জবাইয়ের শেড নির্মাণ’ প্রকল্পটি নেওয়া হয়। মেসার্স শাহ জাব্বারিয়া কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি কাজটি পেলেও বর্তমানে প্রকল্পের অগ্রগতি ১০০ শতাংশ এবং চূড়ান্ত বিল পরিশোধ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, টিনের ছাউনি ও পাকা দেয়ালসহ সব সুবিধা থাকা সত্ত্বেও স্থাপনাটিতে এখন পর্যন্ত কোনো পশু জবাই হয়নি। অথচ এর অদূরেই রাস্তার পাশে ও ব্যক্তিগত উদ্যোগে দুটি কসাইখানায় অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, জবাইয়ের পর পশুর রক্ত ও বর্জ্য সরাসরি বোয়ালিয়া খালে ফেলা হচ্ছে। এতে খালের পানি দূষিত হচ্ছে এবং সেই পানি দিয়েই মাংস পরিষ্কার করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।
এলজিইডি অফিস-সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানটি আর্থিক লেনদেনের মাধ্যমে কাজটি শাহজাহান নামের অন্য এক ঠিকাদারের কাছে হস্তান্তর করে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সরকারি কসাইখানাটি চালু করে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বোয়ালিয়া খালে বর্জ্য ফেলা বন্ধ ও রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন তারা।