নিউজ ডেস্ক
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ২০২৬, সকাল ১০টা ৪৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশে প্রতি ১০০ জন উচ্চশিক্ষিত তরুণের মধ্যে প্রায় ৩৬ জনই বেকার বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক গবেষণায় উঠে এসেছে। দক্ষিণ এশিয়ায় যুব বেকারত্ব নিয়ে করা এই গবেষণার ফল আইএমএফের ‘ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট’ সাময়িকীর সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছে।
আইএমএফের গবেষণায় ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং উচ্চ মাধ্যমিক বা পরবর্তী স্তরের শিক্ষাকে উচ্চশিক্ষা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, দেশে সামগ্রিক যুব বেকারত্বের হার প্রায় ১০ শতাংশ। অর্থাৎ, সামগ্রিক যুব বেকারত্বের হারের তুলনায় উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে বেশি।
দক্ষিণ এশিয়ার তিনটি অর্থনীতির মধ্যে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হারে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা (প্রায় ৪৩ শতাংশ)। এরপরই যথাক্রমে ভারত (প্রায় ৪২ শতাংশ) এবং বাংলাদেশ (প্রায় ৩৬ শতাংশ)। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর তুলনায় এই তিনটি দেশে উচ্চশিক্ষিতদের বেকারত্বের হার অনেক বেশি।
আইএমএফ এই পরিস্থিতিকে ‘গ্র্যাজুয়েট গ্ল্যাট’ বা উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েটের আধিক্য হিসেবে অভিহিত করেছে। সংস্থাটির মতে, উচ্চশিক্ষিত তরুণরা তাদের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন।
আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, ‘উচ্চশিক্ষিত তরুণ কর্মীরা তাদের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজে পেতে সংগ্রাম করছেন।’
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এবং অটোমেশনের দ্রুত প্রসারের ফলে জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যানিমেটর ও প্রশাসনিক কর্মীদের মতো প্রাথমিক স্তরের কারিগরি পদগুলো সংকুচিত হচ্ছে। এসব পদে এতদিন নতুন গ্র্যাজুয়েটরা কর্মসংস্থানের সুযোগ পেতেন, যা এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে।