প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (১ অক্টোবর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের মোংলায় র্যালি, আলোচনা সভা, খেলাধুলা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) কারিতাস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার স্থানীয় আটটি ক্লাবের প্রবীণ সদস্যরা অংশ নেন।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’। সকালে উপজেলার শেলাবুনিয়া থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মোংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শেলাবুনিয়ায় গিয়ে শেষ হয়।
পরে সেন্ট পলস মিশনারি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সেন্ট পলস ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ধর্মযাজক ফিলিপ মণ্ডল, সহ-পালক পুরোহিত ধর্মযাজক রিপন সরদার এবং কারিতাস এসডিডিবি প্রকল্পের জেপিও রবিন গোলদার।
প্রবীণরা সমাজের বোঝা নন। তাঁদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও প্রজ্ঞা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। প্রবীণদের প্রতি সম্মান ও ইতিবাচক মনোভাব তৈরিতে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অর্থিতা হাওলাদার এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নবীনরা ভবিষ্যতের বিভিন্ন বাধা মোকাবিলা করতে পারবে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পাশাপাশি প্রবীণ সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।