নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (১ অক্টোবর), রাত ৮টা ২৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে। আজ বৃহস্পতিবার ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী সেতু এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন প্রকল্প পুনর্বাসন (প্রথম পর্যায়) উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছরে আইনের শাসনকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সরকার সেই পরিস্থিতির পরিবর্তন করতে চায়। তিনি বলেন, এ দেশের জনগণ যখন বিএনপি সরকারের ওপর দায়িত্ব অর্পণ করেছে, তখন সরকার তার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে।
সাম্প্রতিক সময়ে কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, কিছু গোষ্ঠী বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের প্রচেষ্টা সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারে, যার ফলে শেষ পর্যন্ত জনগণই ক্ষতিগ্রস্ত হবে।
নারীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগে একটি রাজনৈতিক দলের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, অন্যের সমালোচনা করার আগে তাদের নিজেদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ খতিয়ে দেখা উচিত।
সরকারের উন্নয়ন কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে ১৫০-তে উন্নীত করা হবে। তিনি বলেন, এই সম্প্রসারিত স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ডায়ালাইসিস সেবা এবং মা ও শিশুর চিকিৎসার ব্যবস্থা থাকবে।
মুহুরী-কহুয়া প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকার প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন এবং ৩৪ হাজার হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা পৌঁছাবে। এর ফলে ফসল উৎপাদন প্রায় ১ লাখ মেট্রিক টন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের প্রথম সাত দিনের মধ্যেই কৃষিঋণ মওকুফ করেছে, যাতে প্রায় ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন। এছাড়া কর্মজীবী নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তায় কৃষক কার্ড কর্মসূচি চলমান রয়েছে।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।