জেলা প্রতিনিধি
শুক্রবার (৯ অক্টোবর, ২০২৬) সন্ধ্যা ৭টা ১১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যার ঘটনায় সুমন নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরী থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মো. মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুমনকে নিয়ে পুলিশ কুমিল্লায় রওয়ানা দিয়েছে। কুমিল্লায় পৌঁছালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থলের পাশে পরিত্যক্ত অবস্থায় তার ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
তাজমিনের মৃত্যুর আগের রাতের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা যায়, বুধবার (৭ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে নেমে কুমিল্লার পদুয়ার বাজারে নূরজাহান হোটেলের সামনে আসে তাজমিন। সেখানে এক দোকানির সঙ্গে কথা বলে সে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে এগিয়ে যায়।
তাজমিনের বাবা আবদুল আলীম জানান, বুধবার গভীর রাতে মেয়ের কাছ থেকে একটি বার্তা ও লাইভ লোকেশন পান তিনি। মেয়েটি তাকে সেখানে গিয়ে নিয়ে আসতে বলেছিল। সেই সময় ঘুমিয়ে থাকায় বার্তাটি দেখতে পাননি তিনি। পরে লোকেশন দেখে সেখানে গিয়ে মেয়ের নিথর মরদেহ দেখতে পান। ঘটনাস্থলের কাছে পাওয়া সিএনজিচালিত অটোরিকশার ভেতরে থাকা ভ্যানিটি ব্যাগ ও শার্ট তাজমিনের বলে শনাক্ত করেন তার বাবা।