আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬), সন্ধ্যা ৭টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর এবং শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর সফর সফল করা এবং দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রীর সফরসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী এবং আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।