সংবাদদাতা, নোয়াখালী
রবিবার (১৮ অক্টোবর), রাত ৮টা ৪৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দোকানে ঢুকে জামায়াত কর্মী ও মুদি ব্যবসায়ী মো. মিজানুর রহমানকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর আমানউল্লাহপুর ইউনিয়নের জিনু মার্কেটে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছয়-সাত জন মুখোশধারী ব্যক্তি মিজানুর রহমানের দোকানের সামনে আসে। তাদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল এবং কয়েকজনের হাতে বন্দুক দেখা যায়। হেলমেট পরা ব্যক্তি দোকানে ঢুকে মিজানুরকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুরো ঘটনাটি মাত্র ২০ সেকেন্ডের মধ্যে ঘটে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, “ভিডিও দেখে এরই মধ্যে একাধিক অস্ত্রধারীর পরিচয় আমরা শনাক্ত করেছি। শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”
জামায়াতে ইসলামীর বেগমগঞ্জ উপজেলা শাখার আমির আবদুজ জায়েদ অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুর্বৃত্তরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। কোনো কারণ ছাড়াই মিজানুর রহমানের ওপর এ হামলা চালানো হয়। এর আগেও তার ওপর হামলা হয়েছিল।”
আমানউল্যাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা বাহারুল ইসলাম বলেন, “ব্যবসায়ী মিজানুর রহমান অত্যন্ত শান্ত একজন মানুষ। আমার ইউনিয়নে অবৈধ অস্ত্রধারীদের তৎপরতায় সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছেন। অবৈধ অস্ত্র উদ্ধারে ও অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর হওয়া দরকার।”
এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।