নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (২০ অক্টোবর) ২০২৬, দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বেনাপোল পোর্ট এলাকায় বাড়ি নির্মাণ করতে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন প্রবাসফেরত ব্যবসায়ী মো. হযরত আলী। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্তরা অস্ত্র নিয়ে হামলা, হত্যাচেষ্টা ও জমি দখলের হুমকি দিয়েছেন বলে দাবি ভুক্তভোগীর। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করলেও বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব অভিযোগ তুলে ধরেন। হযরত আলীর (৬৭) অভিযোগ, গত ৬ সেপ্টেম্বর সকালে বাড়ি নির্মাণের কাজ চলাকালে অভিযুক্ত ব্যক্তিরা পিস্তল, রামদা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তিনিসহ কয়েকজন আহত হন এবং পরবর্তীতে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী হযরত আলী বলেন, “দাবি করা ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং পরিবারের জমিজমা দখলের হুমকি দেন। মামলা করার পরও তাঁদের অব্যাহত হুমকির কারণে আমরা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি।”
এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে বেনাপোল পোর্ট আমলি আদালতে মামলা করেছেন হযরত আলী। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।