নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, বেলা ১১টা ২৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য আইন সংশোধনের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। আইনগুলোকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে স্টেকহোল্ডার, টিভি চ্যানেলের মালিক ও পত্রিকা সম্পাদকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানান তিনি।
বুধবার (২১ অক্টোবর) রাতে নিজ নির্বাচনী এলাকা ভোলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সাইবার সিকিউরিটি থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় আইন আমরা সংশোধন করার উদ্যোগ নিয়েছি। আমরা এমনভাবে একটি টেকসই নীতিমালা প্রণয়ন করতে চাই—যাতে গণমাধ্যমকর্মী, প্রশাসন এবং সাধারণ মানুষ সবাই সমানভাবে সুরক্ষা পান।’
আইন সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, ‘অচিরেই এ বিষয়ে আরও ইতিবাচক ও ফলপ্রসূ পরিবর্তন দেখা যাবে।’ নেত্রকোনায় সম্প্রতি এক সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘কেবল সাংবাদিক বা নির্দিষ্ট কোনো পেশাজীবী নয়—রাষ্ট্রীয় আইনের ব্যত্যয় ঘটিয়ে অপরাধমূলক ঘটনা ঘটলে তা প্রচলিত আইন অনুযায়ীই বিচার করা হবে।’
পূজামণ্ডপ পরিদর্শনকালে তথ্যমন্ত্রী ভোলা সদরের ২৯টি মণ্ডপে ২৯ লাখ টাকা ব্যক্তিগত অনুদান প্রদান করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশংসা করে বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা এবার আনন্দের সঙ্গে ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করছেন। হিন্দু, মুসলমানসহ দেশের সব নাগরিক পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন।’
ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা জানান, তথ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যদের তদারকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিñিদ্র নিরাপত্তার কারণে জেলার ১১৮টি পূজামণ্ডপে ভক্তরা নির্বিঘ্নে পূজার্চনা করতে পেরেছেন। তিনি এ জন্য প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।