নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬), সন্ধ্যা ৭টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর তুরাগ নদী থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফিরোজ উদ্দিন বলেন, “লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। তার হাতে ঘড়ি ও পকেটে একটি আইফোন পাওয়া যায়, যার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।”
সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।