মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোভ্যানের গোপন চেম্বারে অভিনব কৌশলে পাচারকালে ৮৮ বোতল বিদেশি মদসহ মো. আনোয়ার হোসেন (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জেলার পূর্বধলা থানার বাড়হা বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আনোয়ার হোসেন জেলার দুর্গাপুর উপজেলার চন্দ্রকোনা গ্রামের আবু বক্করের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম জারিয়া থেকে শ্যামগঞ্জগামী পাকা সড়কে অবস্থান নেয়। দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে সন্দেহভাজন ভ্যানগাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে মদের এই চালান জব্দ করা হয়।
প্রাথমিকভাবে ভ্যানগাড়িতে সন্দেহজনক কিছু না মিললেও, ব্যাপক তল্লাশিতে ড্রাইভিং সিটের নিচে এবং পেছনের অংশে সুকৌশলে তৈরি গোপন চেম্বারের সন্ধান পান কর্মকর্তারা। সেখান থেকে ৪৬ বোতল ‘আইকনিক হোয়াইট’, ২২ বোতল ‘রয়েল স্ট্যাগ’ এবং ২০ বোতল ‘ব্লেন্ডারস প্রাইড’ ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। মদের পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত অটোভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করেছে ডিএনসি।
নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। তল্লাশি চালিয়ে ভ্যানের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৮৮ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করা হয়েছে।”
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছেন।