মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (২৯ অক্টোবর), ভোর ২টা ৩১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জুয়া খেলার সময় দুই ইউপি সদস্যসহ ছয়জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) উপজেলার গন্ডা বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং এসময় জুয়া খেলার তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গন্ডা এলাকার হাফিজুর রহমান ওরফে খোকন (৬০), খুররম মিয়া (৫০), মনকান্দা গ্রামের চান্দু মিয়া (৪৫), আলী ওসমান (৪২), বীরমহুরী গ্রামের সোহাগ (৪৫) এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)। এদের মধ্যে হাফিজুর রহমান গন্ডা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য এবং আলী ওসমান একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য।
কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গন্ডা বাজারের ওই দোকানে অভিযান চালায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন।
গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ বলেন, “মাদক ও জুয়া নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। তবে আমার জানামতে, ইউপি সদস্যরা এসব অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা নয়। যেহেতু তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন, এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।”