নিউজ ডেস্ক
শনিবার (৩১ অক্টোবর), ২০২৬ | সন্ধ্যা ৭:০৯
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মা ইলিশ রক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর ও নদীতে ইলিশ শিকারে নেমে পড়েছেন উপকূলীয় অঞ্চলের ৫ লক্ষাধিক জেলে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১২টার পর থেকে উপকূলের জেলেরা জাল ও ট্রলার নিয়ে মাছ ধরার জন্য নদ-নদীতে অবস্থান নেন। দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার আশায় এখন সরব হয়ে উঠেছে উপকূলের মৎস্য বন্দরগুলো।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপকূলীয় ৬ জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৯ জন। এর মধ্যে সমুদ্রগামী জেলের সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ২৯ জন। অনিবন্ধিত জেলেসহ সব মিলিয়ে প্রায় ৫ লক্ষাধিক জেলে বর্তমানে ইলিশ আহরণে ব্যস্ত সময় পার করছেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, “২২ দিন কঠোরভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়নের ফলে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। এটি ইলিশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করছি, জেলেরা নদীতে পর্যাপ্ত মাছ পাবেন এবং সরকারের নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে।”
উপকূলীয় জেলা ভোলার চরফ্যাশনের শামরাজ মৎস্য বন্দরে গিয়ে দেখা যায়, নিষেধাজ্ঞা শেষে মাছের আড়তগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। রাতভর নদীতে আহরিত ইলিশ বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী ও জেলেরা। তবে অনেক জেলের ভাষ্যমতে, জালে ধরা পড়া অধিকাংশ ইলিশের পেটে এখনো ডিম রয়েছে।
শামরাজ মৎস্য বন্দর আড়ত মালিক সমিতির সভাপতি মো. তারেক আজিজ পাটওয়ারী বলেন, “নদীতে ইলিশের সাড়া ভালোই মিলছে, তবে ইলিশের পেটে এখনো ডিমের ছড়াছড়ি লক্ষণীয়। নিষেধাজ্ঞা অক্টোবর মাসের মাঝামাঝি দেওয়া হলে মা ইলিশ আরও সঠিকভাবে ডিম ছাড়ার সুযোগ পেত।”
মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা চলাকালে ভোলাসহ উপকূলীয় জেলাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করেছে। শুধু ভোলাতেই ২৯৭টি অভিযানে ৮০ জনকে কারাদণ্ড ও প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ জাল ও ইলিশ জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রতিবছর ৮ অক্টোবর থেকে ২২ দিন সারা দেশের ৩৮ জেলায় সব ধরনের মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ থাকে। সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় এই সময়ে ৬ লক্ষ ৪৭ হাজার ৬৯০টি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল সহায়তা প্রদান করা হয়েছে।