নিউজ ডেস্ক
শুক্রবার (৩০ অক্টোবর), রাত ৮টা ৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের ই-টায়ারের ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। টানা চার ম্যাচ জিতে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত শিরোপা অধরাই থেকে গেল লাল-সবুজের কিশোর ফুটবলারদের। শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে এই শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ম্যাচের ১৪ মিনিটে মহির গোলে এগিয়ে যায় তারা। এর দুই মিনিট পর প্যানেলের দ্বিতীয় গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় দুই গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে তাকিবের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় দলটি। তবে সেই আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ব্যবধান আবার বাড়ান মহি। ম্যাচের শেষ বাঁশি বাজার এক মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
আজারবাইজানে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালে ১৮৯টি দেশের দল ৩২টি গ্রুপে অংশ নেয়। প্রাথমিক পর্বে ‘সি’ গ্রুপে পঞ্চম স্থান অর্জন করে বাংলাদেশ। পরবর্তী সময়ে পঞ্চম স্তরের ৩২ দলের নকআউট প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টানা চার ম্যাচ জিতে ই-টায়ারের ফাইনালে জায়গা করে নেয় দলটি।
ফেস্টিভ্যালের ছয়টি স্তরে আলাদা ছয়টি চ্যাম্পিয়ন নির্ধারণ করছে ফিফা। ই-টায়ারের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শেষ পর্যন্ত শিরোপা জয় করে।