মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার (৩ নভেম্বর), বিকেল ৩টা ৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়ায় ৮ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার ফটোগ্রাফি সরঞ্জাম চুরির ঘটনা আড়াল করতে অপহরণের নাটক সাজানোর অভিযোগে মো. রেদুয়ানুল হক (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর বসতঘর থেকে চুরি যাওয়া ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৯ অক্টোবর রাতে লোহাগাড়া মোস্তফা সিটি মার্কেটের ‘ওয়েডিং ফটোগ্রাফি’ দোকানের তালা ভেঙে তিনটি Sony α7III, একটি Sony α7C ক্যামেরা, লেন্স, ব্যাটারি ও চার্জারসহ ৮ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার সরঞ্জাম চুরি হয়। পরদিন সকালে দোকানের মালিক বাবলু পাল (৩৭) চুরির বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ করেন।
চুরির ঘটনার দুই দিন পর ১২ অক্টোবর রেদুয়ানুল হকের স্ত্রী রেশমী আক্তার তাঁর স্বামীকে অজ্ঞাতনামা ব্যক্তিরা অপহরণ করেছে মর্মে থানায় অভিযোগ করেন। দুটি অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে লোহাগাড়া থানা পুলিশ।
তদন্তের এক পর্যায়ে দোকান ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির ঘটনায় রেদুয়ানুল হকের সম্পৃক্ততা পায় পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রেদুয়ানুল হক চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, চুরির ঘটনা আড়াল করতেই তিনি আত্মগোপনে গিয়ে স্ত্রীকে দিয়ে অপহরণের মিথ্যা অভিযোগ করান।
এ ঘটনায় লোহাগাড়া থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রেদুয়ানুল হককে আদালতে পাঠানো হয়েছে।