নিউজ ডেস্ক
মঙ্গলবার (৩ নভেম্বর), সন্ধ্যা ৭টা ৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়েছে, তা গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীতে একটি এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ কিছুটা কমলেও তা পুরোপুরি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।
পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের মধ্যে সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ কারণে আগামী চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।
কর্তৃপক্ষ জানায়, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে রক্ষণাবেক্ষণ চলাকালীন কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
পেট্রোবাংলা আরও জানায়, কিছু সংবাদমাধ্যমের ফটোকার্ডের আদলে তৈরি ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব তথ্যের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে কর্তৃপক্ষের নজরে এসেছে।
এ পরিস্থিতিতে জনগণকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।