নিউজ ডেস্ক
মঙ্গলবার (৩ নভেম্বর), সন্ধ্যা ৭টা ০৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেপালের এভারেস্ট অঞ্চলের সোলুখুম্বু জেলায় অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর সেগুলো বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় একজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
সোলুখুম্বু জেলার একটি তুষারাবৃত স্থানে অবতরণের সময় ছোট দুটি হেলিকপ্টারের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এতে উভয় হেলিকপ্টারই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
সোলুখুম্বু জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি বলেন, “একজন বিদেশি ঘটনাস্থলেই মারা গেছেন। আহত অপর একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।” তবে তিনি নিহত বা আহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
হিমালয় অধ্যুষিত নেপালে পর্যটক, পর্বতারোহী ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনের পাশাপাশি জরুরি উদ্ধারকাজে ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে দেশটির দুর্গম ভূপ্রকৃতি ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে আকাশপথে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।
বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে আটটিই নেপালে অবস্থিত। এর মধ্যে রয়েছে মাউন্ট এভারেস্ট। প্রতিবছর হাজার হাজার বিদেশি পর্বতারোহী ও ট্রেকার দেশটিতে আসেন।