নিউজ ডেস্ক
রবিবার (৮ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাপানের শ্রমবাজারে প্রথমবারের মতো প্রবেশের সুযোগ পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) চার সদস্য। গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি অ্যাকাডেমিতে জাপানি প্রতিষ্ঠান হিরাটা প্ল্যানিং কোম্পানি লিমিটেডের বিশেষ সাক্ষাৎকার ও দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা সরাসরি চাকরির প্রস্তাব পেয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সফিপুরে আনসার-ভিডিপি অ্যাকাডেমিতে জাপানি প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করেন। প্রতিষ্ঠানটির পরিচালক হিরাটা তোমোহিরো ও মার্কেটিং ম্যানেজার হাসেগাওয়া মিনোরু প্রশিক্ষণার্থীদের মৌখিক পরীক্ষা, কারিগরি জ্ঞান এবং জাপানি ভাষায় যোগাযোগের সক্ষমতা যাচাই করেন।
চাকরির প্রস্তাব পাওয়া চার সদস্য হলেন ময়মনসিংহের হোসনে মোকাম্মেল জিহাদ, সাতক্ষীরার মো. ইমানুর রহমান খান, বগুড়ার মো. রিফাত আলী এবং ফেনীর রফিকুল ইসলাম রবিন। তারা জাপানি ভাষার এন-৫ ও এন-৪ পর্যায়ে ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
সাক্ষাৎকারে সদস্যদের কারিগরি জ্ঞান, শৃঙ্খলাবোধ ও ভাষাগত দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন জাপানি প্রতিনিধিরা। বাহিনীর পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) মো. মইনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আগামী এক বছরে এক লাখ সদস্যকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে বাহিনী।
বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাহিনীর নিজস্ব রিক্রুটিং প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-এর অনুকূলে সরকারি লাইসেন্স নেওয়া হয়েছে। এর মাধ্যমে দালাল ও মধ্যস্বত্বভোগীদের প্রভাবমুক্ত থেকে সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে বাহিনীর।