নিউজ ডেস্ক
মঙ্গলবার (১০ নভেম্বর) ২০২৬, সকাল ১১টা ৩০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাভার ও ধামরাইয়ে পৃথক স্থানে পার্কিং করে রাখা আরও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে পার্কিং করা একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন খান জানান, এই অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।
এরপর রাত ২টা ৮ মিনিটে সাভার পৌর এলাকার ময়লার মোড়ে সাভার পরিবহনের আরও একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত ২টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই এলাকায় একসঙ্গে প্রায় ১৫ থেকে ২০টি বাস পার্কিং করা ছিল।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “ময়লার মোড় এলাকায় রাতে একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতাকারীরা বাসটিতে আগুন দিয়েছে।”