জেলা প্রতিনিধি
মঙ্গলবার (১০ নভেম্বর), সন্ধ্যা ৭টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনায় ট্রেনের একটি বগির চারটি সিট পুড়ে যায়। তবে অগ্নিনির্বাপক বাহিনীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় ট্রেনটি নির্ধারিত সময়েই ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
স্টেশন সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর ৫টার দিকে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের গার্ড ও দায়িত্বরত কর্মীরা বিশ্রাম ও খাবার খেতে গেলে ফাঁকা বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রেনের ‘ড’ বগিতে আগুন লাগার বিষয়টি টের পেয়ে গার্ড ও নিরাপত্তাকর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বলেন, “ট্রেন থামার পর যাত্রীরা নেমে গেলে ট্রেনের গার্ড-কর্মীরা বিশ্রাম নিতে যান। ওই সময় ট্রেনে লোকজন না থাকার সুযোগে একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বগির চারটি সিট পুড়ে গেছে।”
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নেভান। এ ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, “দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনে আগুন দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”