নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২০২৬, দুপুর ১২টা ৩০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো ৪৬ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন। ইতালির তৃতীয় ডিভিশনের ক্লাব রাভেন্না এফসির হয়ে আগামী ১৫ নভেম্বর ফরলির বিপক্ষে মাঠে নামবেন তিনি। দীর্ঘ ১১ বছরের বিরতি ভেঙে ফের মাঠে নামার খবরে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
চলতি বছরের জুনে রাভেন্নার সঙ্গে যুক্ত হন বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই তারকা। তিনি শুধু ক্লাবের ফুটবলার হিসেবেই নয়, বরং শেয়ারহোল্ডার হিসেবেও দায়িত্ব পালন করছেন। বন্ধুর মালিকানাধীন এই ক্লাবে অংশীদারত্ব কেনার পর থেকেই তার মাঠে ফেরার জল্পনা চলছিল, যা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
পেশাদার ফুটবলে রোনালদিনহোর গোলসংখ্যা এখন ২৯৯। রাভেন্নার হয়ে ফরলির বিপক্ষে ম্যাচে একটি গোল করতে পারলেই তিনি ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। স্তাদিও ব্রুনো বেনেল্লিতে অনুষ্ঠিতব্য এই বিশেষ ম্যাচটি ঘিরে ক্লাব কর্তৃপক্ষ নানা আয়োজনের পরিকল্পনা করেছে।
নিজের প্রত্যাবর্তনের বিষয়ে রোনালদিনহো জানান, ফুটবল তার কাছে বরাবরই আনন্দের উৎস। তিনি ফের বল পায়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন এবং সমর্থকদের মাঝে সেই পুরোনো আনন্দ ছড়িয়ে দিতে চান।
২০০২ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য রোনালদিনহো ২০০৫ সালে ব্যালন ডি’অর জয় করেন। এছাড়া বার্সেলোনার হয়ে লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি পিএসজি ও এসি মিলানের জার্সিতেও মাঠ কাঁপিয়েছেন তিনি। ২০১৫ সালের সেপ্টেম্বরে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার পর ২০১৮ সালে তিনি অবসরের ঘোষণা দিয়েছিলেন।