মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার (২৪ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ আশেক (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বটতলী কাঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
আহত আশেক লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছমদ আলী মুন্সি পাড়ার মৃত কামাল উদ্দিনের ছেলে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোনসংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে আশেককে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই নুর উদ্দিন বলেন, “মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরমান নামে একজনকে আটক করা হয়েছে।”
তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।