কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় আব্দুর রাজ্জাক বিশ্বাস (৩৭) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এই হত্যার ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক বিশ্বাস চর জগনাথপুর এলাকার ভাদু বিশ্বাসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বর্তমান মেম্বর সবুজ আলীর সাথে সাবেক মেম্বর জাবেদ আলীর বিরোধ চলে আসছিলো।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বর্তমান মেম্বর সবুজ আলীর সমর্থক জহুরুল ইসলাম পাওনা টাকা চাইতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাবেক মেম্বর জাবেদ আলীকে মারধর করে। এসময় জাবেদের ভাতিজা গ্রাম্য চিকিৎসক আব্দুর রাজ্জাকসহ কয়েকজন তাকে বাধা দেয় এবং জহুরুলকে মারধর করে।
ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে জাবেদ আলীর সমর্থক আব্দুর রাজ্জাকসহ দুই পক্ষের তিনজন আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় আব্দুর রাজ্জাক বিশ্বাসকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আহত আরো দুইজন চিকিৎসাধীন আছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন হোসাইন আব্দুর রাজ্জাক হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।স্বাধীন আলো