নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অভয়নগর উপজেলায় নওয়াপাড়া পৌরসভার ধোপাদী গ্রামের উলুবটতলা সংলগ্ন একটি মাছের ঘেরের মধ্য থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ইজিবাইক চালক মো. রাশেদ (২৫), ঝিকরগাছা উপজেলার মঠবাড়ী গ্রামের জসিম উদ্দীনের ছেলে।
শুক্রবার সকাল ১১টার সময় ঘের মালিক আজিজুর রহমান সরদার মাছের ঘেরে খাবার দিতে গিয়ে হঠাৎ তিনি ঘেরের মধ্যে লাশটি দেখতে পান। লাশটি দেখে চিৎকার দিলে স্থানীয় এলাকাবাসী ছুটে আসেন এবং এ খবর অভয়নগর থানা পুলিশকে জানানো হয়। থানা পুলিশ সংবাদ পেয়ে মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করেন।
ধোপাদী গ্রামের বাসিন্দা, যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্লা জানান, আমি সংবাদ পেয়ে দেখতে এসেছি, যে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে ওই ব্যক্তি আমাদের এলাকার কেহই না।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ধোপাদী গ্রামের একটি মাছের ঘের থেকে ইজিবাইক চালকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি যশোর জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। খুনের রহস্য উদঘাটনে পুলিশ অভিযান শুরু করেছে।