ভারতের মিজোরাম রাজ্যে নির্মাণাধীন রেলসেতু ভেঙে কমপক্ষে ২৬ জন শ্রমিক নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। পুলিশ সূত্রে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে তারা। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গতকাল বুধবার সকাল ১১টার দিকে রাজ্যের রাজধানী আইজল থেকে ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনার সময় ওই সেতুতে ৩৫ থেকে ৪০ জন কর্মী কাজ করছিলেন। তাদের অনেকেরই এখনও খোঁজ মেলেনি।
ইতিমধ্যে এ দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, ‘মিজোরামের ঘটনায় ব্যথিত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। উদ্ধারকাজ চলছে।’ মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। লিখেছেন, ‘এই দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও ক্ষতিগ্রস্ত।’