জেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বায়েজিদ হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বুধবার (১৩ ডিসেম্বর) পৌর শহরের কাথুলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বায়েজিদ সদর উপজেলার মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। বায়েজিদ মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো।
আহতরা হলো, সদর উপজেলার মনোহরপুর গ্রামের মোসাদ্দেক, পৌর কলেজ পাড়ার আরিফুল ইসলাম, চকশ্যামনগর গ্রামের মহিদ এবং শ্রাবণ। আহত মোসাদ্দেকের অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মেহেরপুর শহরে যাওয়ার সময় সদর উপজেলার কাথুলী সড়কে মোটরসাইকেল দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফনি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।