নিজস্ব প্রতিবেদক
সোমবার (৫ অক্টোবর), রাত ৮টা ৪৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষকতা কোনোভাবেই উপায়হীন বিকল্প হতে পারে না এবং সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল হয়।
আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকদের এ সম্মাননা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা বিশ্বাস করি, শিক্ষকদের সম্মান ও মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা ও ভাবমূর্তি জড়িত। শিক্ষকরা যদি শিক্ষার্থীদের প্রয়োজন এবং প্রিয়জন হয়ে উঠতে পারেন, তাহলে শিক্ষা-দীক্ষার মাধ্যমে একজন সুনাগরিক হিসেবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।”
শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে প্রয়োজন অনুযায়ী ঢেলে সাজানো হচ্ছে। এছাড়া শিক্ষকদের বেতন ও অবসরভাতা পাওয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের এই সময়ে প্রচলিত শিক্ষা পদ্ধতির বাইরে কারিগরি ও ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শিক্ষার্থীদের কৌতূহল বাড়াতে এবং মুখস্থ বিদ্যার পরিবর্তে ‘কেন’ ও ‘কীভাবে’—এই প্রশ্নগুলো জাগিয়ে তুলতে নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে।
প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প নয় বরং শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকার ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি এগিয়ে নিচ্ছে। এর মাধ্যমে শিক্ষকরা ডিজিটাল লেসন প্ল্যান ও প্রয়োজনীয় শিক্ষণসামগ্রী ব্যবহার করতে পারবেন। এছাড়া দেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া।