নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা পারভীনের বাড়িতে দুষ্কৃতিকারীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী ডা. মুক্তার হোসেন জানান, মেয়েদের পড়াশোনার সুবিধার্থে গত ৫মাস যাবত নওয়াপাড়ায় বাসা ভাড়া নিয়ে সেখানে আছি এবং মাঝে মধ্যে নিজ বাসস্থান চেঙ্গুটিয়ার বাড়িতে এসে থাকি। গত পরশু দিন আমরা নওয়াপাড়ার বাসাতেই ছিলাম। বৃহস্পতিবার রাতে আমার বাড়িতে কে বা কারা হামলা চালায়। একজন প্রতিবেশী বিষয়টি আমাকে ফোনের মাধ্যমে জানালে, সাথে সাথে আমি প্রশাসনকে বিষয়টি অবগত করি। তাৎক্ষণিক অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করার জন্য বলেন।
ডা. মুক্তার হোসেন আরো বলেন, বিষয়টি গভীর রাতে ঘটায়, এখনো পর্যন্ত জানা যায়নি কে বা কারা এই হামলার সাথে জড়িত। এ বিষয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীনের কাছে জানতে চাইলে, তিনি তার মুঠোফোনে জানান, আমার মেয়ের পরীক্ষার জন্য তাকে নিয়ে আমি ঢাকাতে আছি। আমার বাড়িতে হামলার ঘটনা শুনেছি এবং বিষয়টি আমি প্রশাসনকে অবগত করেছি কিন্তুু এলাকার বাইরে থাকায় এখনো থানায় লিখিতভাবে অভিযোগ করতে পারিনি। তবে অতি দ্রুত আমি থানায় গিয়ে লিখিত অভিযোগ করব।
বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন,মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলা সংক্রান্ত লিখিত কোনো অভিযোগ এখনো পাইনি। লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবো।