সাতক্ষীরা ও রাজবাড়ী প্রতিনিধি। বাংলাদেশের সাতক্ষীরা ও রাজবাড়ীতে পৃথক বজ্রপাতের ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার কিছু পর এসব ঘটনা ঘটে। বজ্রপাতে আহত হয়েছেন আরও দুইজন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় সকালে ধান বহনের সময় বজ্রপাতে মারা যান সামেত্তভান ওরফে চেড়ী (৪২)। একই ঘটনায় আহত হন আরেক নারী শ্রমিক খুকুমনি (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, তারা কাকমারীর একটি বিলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই সামেত্তভান মারা যান। খুকুমনিকে তাৎক্ষণিকভাবে স্থানীয় এক গ্রাম্য ডাক্তারের কাছে নেওয়া হলে তিনি প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কামুক্ত বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক।
অন্যদিকে, একই সময়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে বজ্রপাতে মারা যান কামাল শেখ (২৫)। তিনি সকালে তার বাবা সাইদ শেখ ও ভাগিনা রাজুকে নিয়ে মরিচ ক্ষেতে কাজ করছিলেন। বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা তিনজন দৌঁড়ে বাড়ি ফিরছিলেন। পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান কামাল। রাজু অজ্ঞান হলেও পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন।
স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল সিকদার ও বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি পদক্ষেপ নিচ্ছে।
বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে, বিশেষ করে বোরো ধান কাটার মৌসুমে খোলা মাঠে কৃষিকাজের সময় এ ধরনের ঘটনা বেশি দেখা যায়।