নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
মঙ্গলবার (৬ অক্টোবর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের শার্শা উপজেলায় পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিন হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার চটকাপোতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী এবং চটকাপোতা গ্রামের মাহামুদুল হাসান বাবুর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পর হাত-মুখ ধোয়ার জন্য পানি নিতে মোটরের সুইচ দিতে যায় মুস্তাকিন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে একটি কাঠের সাহায্যে বিদ্যুতের সংযোগ থেকে ছাড়িয়ে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহত শিশুর মা জানান, স্কুল থেকে বাড়ি ফিরে মুস্তাকিন মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।