নিউজ ডেস্ক
মঙ্গলবার (৬ অক্টোবর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে মিছিল করতে গিয়ে আটক হয়েছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যরা। মঙ্গলবার সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিমুখে মিছিলটি বের করা হলে নীতি আয়োগ কার্যালয়ের কাছে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও অভিষেক ব্যানার্জীসহ বেশ কয়েকজন এমপিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
মিছিলটি নীতি আয়োগ কার্যালয়ের কাছে পৌঁছালে পার্লামেন্ট স্ট্রিটে দিল্লি পুলিশ তাদের আটকে দেয়। এরপর রাহুল গান্ধীসহ অন্য এমপিদের জোরপূর্বক পুলিশের বাসে তোলা হয়। তবে কিছুক্ষণ পরই তারা মুক্তি পান এবং নির্বাচন কমিশনের সদর দপ্তরের কাছে পুনরায় অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।
অবস্থান থেকে প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী বলেন, ‘জ্ঞানেশ, তোমার খেলা শেষ।’ তিনি আরও বলেন, ‘তিনশজনেরও বেশি বিরোধী সংসদ সদস্য আজ নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করতে মিছিল করেছেন। আমরা কোটি কোটি ভারতীয়ের প্রতিনিধিত্ব করি। নির্বাচন কমিশনার কেন আমাদের সঙ্গে দেখা করছেন না? পুলিশ কেন আমাদের আটকাচ্ছে এবং হুমকি দিচ্ছে?’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ‘জ্ঞানেশ, তোমার খেলা শেষ’ স্লোগানটি ছাত্র ও যুব প্রতিবাদীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। রাহুল গান্ধী অভিযোগ করেন, দেশের সঙ্গে যা করা হয়েছে তা দেশদ্রোহিতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, আরএসএস প্রধান বা জ্ঞানেশ কুমার, কেউই রেহাই পাবেন না।
অন্যদিকে, দিল্লি পুলিশ জানিয়েছে যে এই মিছিল করার জন্য বিরোধী সংসদ সদস্যদের কোনো পূর্বানুমতি ছিল না। এ কারণেই তাদের বাধা দেওয়া হয়েছে।