হবিগঞ্জ ও কুমিল্লা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশের কুমিল্লা ও হবিগঞ্জ জেলায় পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এ মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।
কুমিল্লার বরুড়া পৌরসভার সাহারপদুয়া গ্রামে নিধি পোদ্দার ও বন্নি পোদ্দার নামে দুই শিশুর মৃত্যু ঘটে। নিহতরা দুজনই ৯ বছর বয়সী এবং একই পরিবারের সদস্য। তারা বরুড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং জানান, দুপুরে স্কুল থেকে বিরতির সময় তারা বাড়িতে এসে গোসল করতে পুকুরে নামে। প্রতিদিন তারা মোটরের পানি ব্যবহার করলেও সেদিন বিদ্যুৎ না থাকায় পুকুরে যায়। অনেকক্ষণ পরও তাদের দেখা না পেয়ে স্বজনরা খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করেন। পরে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ইউএনও জানান, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’ নিহতদের পরিবারকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
এদিকে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার বরুড়া গ্রামে দুপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে একরাম মিয়া ও তামান্না আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়। নিহত একরাম দক্ষিণ সুরমা গ্রামের বাসিন্দা হলেও সে তার নানার বাড়িতে থাকত। তামান্না একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে খেলার সময় শিশু দুটি পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের খোঁজ না পেয়ে স্বজনরা পুকুরে তল্লাশি চালিয়ে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ।
দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে গভীর শোক। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।