টেলিগ্রাফ বাংলাদেশ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন।
ডা. জুবাইদা রহমানের ঢাকা আগমনের পরপরই হাসপাতাল ছাড়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। জানা গেছে, শুক্রবার দুপুরে কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে নিয়ে তার পরিবারের সদস্যরা লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন।
পরিবারের সদস্যদের মধ্যে খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন ডা. জুবাইদা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। এছাড়াও দলের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ চিকিৎসক ও নিরাপত্তা কর্মকর্তা মিলিয়ে ১৪ জনের একটি দল এই সফরে থাকছেন।
স্বাস্থ্যের অবনতি হওয়ায় খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসকদের একটি দল মেডিক্যাল বোর্ডে যুক্ত হন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
ডা. জুবাইদা রহমানের অপেক্ষায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করেছিলেন। এছাড়া, খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে প্রতিদিন অসংখ্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ হাসপাতালের বাইরে দিনরাত অবস্থান নিয়ে তার খোঁজখবর নিচ্ছেন।