ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহীর তানোরে নলকূপের পরিত্যক্ত গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে অবশেষে ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে মাটির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস।
উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া সাজিদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। শিশুটি জীবিত আছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ফায়ার সার্ভিস আশাবাদী।
গত বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। সাজিদ তার মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমি পার হওয়ার সময় খড়ের নিচে থাকা অরক্ষিত একটি গভীর গর্তে পড়ে যায়।
মৃত্যুকূপে যেভাবে পড়ল সাজিদ: সাজিদের মা জানতেন না যে খড়ের নিচে নলকূপের একটি অরক্ষিত গর্ত রয়েছে। হাঁটার সময় হঠাৎ ‘মা মা’ চিৎকার শুনে তিনি পেছনে ফিরে দেখেন, সাজিদ নেই। খড় সরাতেই বেরিয়ে আসে সেই বিপজ্জনক গর্ত। স্থানীয়দের অভিযোগ, গত বছর ১২০ ফুট নিচেও পানি না পাওয়ায় গর্তটি কোনো ঢাকনা বা সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল।
দুর্ঘটনার পরপর শিশুটির সাড়াশব্দ পাওয়া গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে গর্তের ভেতর থেকে আওয়াজ আসা বন্ধ হয়ে যায়।
উদ্ধার অভিযান: সাজিদকে জীবিত রাখতে গর্তের মধ্যে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশন থেকে আসা আটটি ইউনিট তিনটি এক্সকেভেটর ব্যবহার করে গর্তের পাশে সমান্তরালভাবে মাটি খনন করে। দীর্ঘ খনন শেষে রাত ৯টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গর্তের পাশেই নির্ঘুম রাত কাটানো সাজিদের মা সন্তানকে ফিরে পাওয়ার আশায় বিরামহীন কান্না ও দোয়া করে যাচ্ছিলেন।