টেলিগ্রাফ ডেস্ক | নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। শনিবার (২৪ জানুয়ারি) পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তার কাছে এ নোটিশ পাঠানো হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নোটিশে উল্লেখ করা হয়, শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ে ১০ দলীয় জোটের একটি নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। ওই সভাকে কেন্দ্র করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানকে স্বাগত জানাতে তোরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়। এই ঘটনায় সরাসরি প্রার্থী হিসেবে দায়িত্বশীল হওয়ায় সারজিস আলমের বিরুদ্ধে শোকজ জারি করা হয়েছে। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এবারের নির্বাচনে মোট ৩০টি আসনে প্রার্থী দিয়েছে। ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল এবং ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ, লক্ষ্মীপুর-১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার, নেত্রকোণা-২ আসনে ফাহিম রহমান খান, রাজবাড়ী-২ আসনে জামিল হিজাযী, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন এবং বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন এমপি পদে লড়ছেন।
অন্যদিকে চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল হাসান আরিফ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা আশরাফ মাহদী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ, দিনাজপুর-৫ আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী-২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান মুজাহিদ, ময়মনসিংহ-১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল-৩ আসনে সাইফুল্লাহ হায়দার, গাজীপুর-২ আসনে আলী নাছের খান, মুন্সিগঞ্জ-২ আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর-৩ আসনে শামীম হামিদী, নাটোর-৩ আসনে এস এম জার্জিস কাদির এবং মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাস এনসিপির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
#আরএ