টেলিগ্রাফ রিপোর্ট | কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে ৬ জন কৃষককে সশস্ত্র ব্যক্তিরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল নাগাদ হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাড়া ও মিনাবাজার সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র।
নিখোঁজ কৃষকরা হলেন ঝিমংখালী গ্রামের মোহাম্মদ জমির (৩০), মোহাম্মদ মুন্না (২৫), মোহাম্মদ আলম (৩০), মোহাম্মদ রফিক (৩৫), মোহাম্মদ মোজাহার (৫০) এবং মোস্তাক আহমেদ (২৭)। তারা সবাই হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা এবং নিয়মিত কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল জানান, মঙ্গলবার বিকেলে পাহাড় সংলগ্ন এলাকায় কৃষিকাজ ও লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে গেলে সশস্ত্র পাহাড়ি ডাকাত দলের সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে ওই ছয়জনকে ধরে নিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর অপহৃতদের স্বজনরা তাদের খোঁজ শুরু করেন এবং বিষয়টি প্রশাসনকে জানান। তবে ঘটনার পর থেকে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে তিনি জানান।
অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন বলেন, তার ছেলে প্রতিদিনের মতো পাহাড়ি এলাকার মাঠে কাজ করতে গিয়েছিল। হঠাৎ সশস্ত্র লোকজন এসে সবাইকে জিম্মি করে নিয়ে যায়, যা পরিবারকে চরম দুশ্চিন্তায় ফেলেছে।
এদিকে পুলিশ জানায়, ঘটনার পর থেকেই নিরাপত্তা বাহিনী পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে। এসআই খোকন কান্তি রুদ্র বলেন, মঙ্গলবার রাত থেকেই অপহৃতদের উদ্ধারে তল্লাশি কার্যক্রম চলছে। পাহাড়ি এলাকায় এর আগেও এ ধরনের ঘটনার নজির থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
#আরএ