আতিকুর রহমান আশিক , মানিকগঞ্জ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চার বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) না থাকায় এখনো চালু হয়নি যান চলাচল। ফলে উন্নয়নের এই বিশাল প্রকল্পের সুফল থেকে বঞ্চিত রয়েছেন অন্তত ৩০ গ্রামের মানুষ। প্রতিদিন খেয়া নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
জানা যায়, ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকায় আলহাজ্ব কাজি গোলাম হোসেন সড়কের কালিগঙ্গা নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে। তবে সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু এখনো ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে আছে।
সেতুটি দ্রুত চালুর দাবিতে শুক্রবার বিকেলে সেতুর পশ্চিম পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী। এতে সভাপতিত্ব করেন সিংজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মিয়া।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন মণ্ডল, যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “চার বছর আগে সেতুর কাজ শেষ হলেও এখনো খেয়া নৌকায় নদী পার হতে হচ্ছে। সন্ধ্যার পর খেয়া চলাচল বন্ধ হয়ে গেলে জরুরি প্রয়োজনে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হলেও সংযোগ সড়ক না থাকায় এর কোনো সুফল পাচ্ছে না এলাকাবাসী।”
তারা আরও বলেন, “সেতুটি চালু হলে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি টাঙ্গাইল জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।
অথচ শুধুমাত্র সংযোগ সড়কে মাটি না থাকায় বছরের পর বছর ধরে সেতুটি অচল পড়ে রয়েছে।”
এসময় দ্রুত সেতুর দুই পাশে মাটি ফেলে সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে যান চলাচল চালুর দাবি জানান বক্তারা। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।