নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সহায়তা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আমানত উত্তোলনের চাপ বেড়ে যাওয়ায় ব্যাংকটির তারল্য পরিস্থিতি সংকটাপন্ন হয়ে ওঠে। এ অবস্থায় ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার সহায়তা চেয়ে আবেদন করে। তারই অংশ হিসেবে প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে।
ঈদের পর নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটিতে অস্থিরতা সৃষ্টি হয়। এ সময় ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলন চলতে থাকায় অনেক আমানতকারী তাদের জমা অর্থ উত্তোলন করেন। ফলে নগদ অর্থের ওপর চাপ বাড়ে এবং ব্যাংকটি গ্রাহকদের অর্থ পরিশোধ ও কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতে চ্যালেঞ্জের মুখে পড়ে।
এ পরিস্থিতিতে তারল্য স্বাভাবিক রাখতে বিশেষ সহায়তার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টদের মতে, এই অর্থায়ন ব্যাংকটির স্বল্পমেয়াদি তারল্য সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাফা মুরশেদুল ইসলাম ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ব্যাংকটির বর্তমান সংকট দ্রুত কেটে যাবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে সমস্যা হবে না।