নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্ত করতে বুধবার পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বেতন বৃদ্ধি, ভাতা, বেতন বৈষম্য নিরসন, গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের ধাপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের চিন্তা থাকলেও তা দুই ধাপে করা সম্ভব কি না, সে বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে পে-কমিশনের সুপারিশ কতটুকু বাস্তবায়ন করা হবে এবং বিভিন্ন ভাতা বৃদ্ধির বিষয়ও পর্যালোচনা করা হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য দূর করার বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে। পাশাপাশি আইনি জটিলতা নিরসন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম আইবাস++-এর মাধ্যমে পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হবে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, নির্ধারিত বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এদিকে সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করার পরিকল্পনা থাকলেও বেসিক বেতন ৫০ শতাংশ নাকি ১০০ শতাংশ বাড়বে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সূত্রের তথ্য অনুযায়ী, নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে এ সংক্রান্ত সব প্রস্তাব এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।