নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের বাজারে স্বর্ণের দাম আবার কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে রুপার দামও কমিয়েছে সংগঠনটি। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৯১ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস বলেছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নতুন দাম কার্যকর থাকবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে এবং গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে ২৪ জুন স্বর্ণের দাম কমানো হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৮১ বার এবং রুপার দাম ৪৯ বার সমন্বয় করা হয়েছে।