খুলনা সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খুলনা বিভাগের ১০ জেলার ৫৬ হাজার ৭৪৮ জন কৃষকের ৪১ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার ২৫৬ টাকার কৃষিঋণ মওকুফ করা হচ্ছে। একই সঙ্গে ঋণ পরিশোধ না করায় যেসব কৃষকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছিল, সেগুলোও প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে কৃষি ব্যাংক।
ব্যাংকের তথ্য অনুযায়ী, নির্বাচনকাল পর্যন্ত ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ নেওয়া কৃষকেরা এ সুবিধার আওতায় এসেছেন। ইতোমধ্যে ঋণগ্রহীতাদের মওকুফের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
খুলনা বিভাগীয় কৃষি ব্যাংকের তথ্যমতে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলায় ৩০ হাজার ২৪৮ জন কৃষকের ২১ কোটি ৩২ লাখ টাকার ঋণ মওকুফ করা হচ্ছে। এর মধ্যে খুলনা মহানগর ও জেলার ১১ থানা ও উপজেলায় ৬ হাজার ৭৬৭ জন কৃষকের ৪ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৪২৫ টাকার ঋণ অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে, কৃষি ব্যাংকের কুষ্টিয়া জোনের আওতাধীন মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার ২৬ হাজার ৫০০ জন কৃষকের ২০ কোটি ৪৭ লাখ ৫৬ হাজার ২৫৬ টাকার ঋণও মওকুফের আওতায় এসেছে।
কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ বলেছেন, অনুমোদনের পর সংশ্লিষ্ট কৃষকদের ঋণমুক্ত করে প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে।
তবে কৃষি ব্যাংকের তথ্য অনুযায়ী, নির্বাচনের আগে ১০ হাজার টাকার বেশি নেওয়া ঋণ এবং নির্বাচনের পর খুলনা জোনের পাঁচ জেলায় নতুন করে ঋণগ্রস্ত হওয়া প্রায় ২ লাখ ৩ হাজার কৃষকের প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার ঋণ এ কর্মসূচির আওতায় থাকছে না।