নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (১৮ আগস্ট), সন্ধ্যা ৬টা ৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘পিংক বাস সার্ভিস’ চালু হয়েছে। আজ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
প্রাথমিকভাবে ঢাকা মহানগর, চট্টগ্রাম ও বগুড়া শহরের ১৩টি রুটে মোট ১৪টি বাস দিয়ে এই সেবা কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস চলাচল করবে। এসব বাসে নারী চালক ও নারী কন্ডাক্টররা দায়িত্ব পালন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, “প্রতিদিন অসংখ্য নারী কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রয়োজনে গণপরিবহন ব্যবহার করেন। কিন্তু নিরাপদ যাতায়াতের অভাবে তারা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। বিশেষ বাস সার্ভিস চালুর মাধ্যমে এ সমস্যার কার্যকর সমাধান হবে।”
তিনি আরও বলেন, “নারী যাত্রীদের পাশাপাশি নারী চালক ও নারী কন্ডাক্টরদের নিরাপত্তা, প্রশিক্ষণ ও কর্মপরিবেশ নিশ্চিত করাও সরকারের অন্যতম দায়িত্ব। এই সার্ভিসের মাধ্যমে নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।”
প্রতিমন্ত্রী জানান, ঢাকা মহানগরীতে ১০৬টি, চট্টগ্রামে ১২টি এবং বগুড়ায় ১৬টি—সব মিলিয়ে ১৩৪টি স্টপেজে এই বাসগুলো যাত্রীসেবা প্রদান করবে। গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে এই সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে তিনটি বাসে সিসিটিভি ক্যামেরা এবং প্রতিটি বাসে বিটিএস সংযোজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিআরটিসির মহিলা বাস সার্ভিসের জন্য ১০০টি বৈদ্যুতিক বাস কেনার প্রক্রিয়া শুরু করেছে। খুব শিগগিরই পরিবেশবান্ধব এসব বাস বহরে যুক্ত হবে। এছাড়া বিআরটিসির বহর আধুনিকায়নে প্রায় ৮০০ কোটি টাকার ঋণ সহায়তা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিসির প্রতিনিধি এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বগুড়া ও চট্টগ্রামের সংসদ সদস্যরা অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।