নিউজ ডেস্ক
বুধবার (২৬ আগস্ট), বেলা ১১টা ৩৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সরকার মানবাধিকার সুরক্ষা এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কোনো নাগরিককে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে আটক বা কারাগারে না রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া ও মৌলিক অধিকারের প্রতি সরকারের অঙ্গীকার সব রাজনৈতিক দলের সমর্থকদের ক্ষেত্রেই প্রযোজ্য। এর মধ্যে বিরোধী দল এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সমর্থকরাও রয়েছেন। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ই বিষয় নয়, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হবে না, তা নিশ্চিত করবে।
আমরা অতীতের ফ্যাসিবাদী যুগের পুনরাবৃত্তি এখন বা ভবিষ্যতে কখনোই চাই না। আমরা প্রত্যেক নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে চাই।
প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে নজিরবিহীনভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা এর সবচেয়ে বড় ভুক্তভোগীদের অন্যতম। তিনি জানান, নাগরিকদের অধিকার রক্ষা করা এবং বিচারব্যবস্থা যাতে রাজনৈতিক প্রতিহিংসার দ্বারা পরিচালিত না হয়, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সব দেশের সঙ্গে সম্মানজনক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থ সুরক্ষাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশ এখন একটি নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হওয়ায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনায় দেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
রোহিঙ্গা সংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি রাজনৈতিক সমস্যা এবং এর টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্পৃক্ততা ও মিয়ানমারের ওপর চাপ বাড়াতে বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। তিনি জানান, বর্তমানে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি এবং ক্যাম্পগুলোতে প্রতি বছর গড়ে প্রায় ৩০ হাজার শিশুর জন্ম হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলে তা বাংলাদেশের জন্য অতিরিক্ত কূটনৈতিক সুবিধা তৈরি করবে। এই সক্ষমতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরা হবে বলে তিনি জানান।